নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা জোরদারে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলার সময় কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ আগস্ট থেকে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় বুধবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে এবং আলোকসজ্জাও বন্ধ রাখতে হবে।
নতুন সময়সূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
এর আগে ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল।
তবে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি ও ওষুধের দোকানসহ জরুরি সেবা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বিদ্যুৎ বিভাগ।