নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (১৩ আগস্ট), ২০২৬ | সন্ধ্যা ৭:১৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বেনাপোল পোর্ট থানার বেনাপোল বাইপাস সড়কে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী ও ভ্যানচালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে বাইপাস সড়কের ভবারবেড় গ্রামের রাজুর বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। আহতরা হলেন মোটরসাইকেল আরোহী শিক্ষক ফজলু (৪৫) এবং ভ্যানচালক আলী কদর (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিক্ষক ইব্রাহিম হোসেন ও ফজলু মোটরসাইকেলযোগে গোগা থেকে কাগজপুকুরের দিকে যাচ্ছিলেন। পথে বেনাপোল বাইপাস সড়কের ভবারবেড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোহাবোঝাই ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে ছিটকে পড়ে চালকসহ তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথেই শিক্ষক ইব্রাহিম হোসেন মারা যান। আহত অপর দুজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী বলেন, “দুর্ঘটনা কবলিত ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”