মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
শুক্রবার (১৪ আগস্ট), বিকাল ৪টা ৪২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় কবরস্থানের জমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার আমগড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, অন্তত ৬০-৭০ বছর ধরে পোনেশ্বর-আমগড়া কবরস্থানটি স্থানীয়দের দাফন কাজে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি একটি পক্ষ কবরস্থানটির নাম পরিবর্তন করে ‘সার্বজনীন গোরস্থান’ করার দাবি জানালে বিরোধের সূত্রপাত হয়। এছাড়া কবরস্থানের রাস্তার পাশে দোকানপাট নির্মাণকে কেন্দ্র করে আমগড়া গ্রাম ও পানেশ্বর পাড়ার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা ছিল।
ঘটনার নেপথ্যে থাকা ১৮ কাঠা আয়তনের এই গোরস্থানের মালিকানা নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ১৫ দিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। শুক্রবার সকালে কবরস্থানে ব্যানার ঝোলানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় আমগড়া বাজারে বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয় এবং আমগড়া ও নল্লাপাড়া গ্রামের লোকজন পোনেশ্বর গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়।
আহতদের চিকিৎসার জন্য কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছায়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনি আরও বলেন, ঘটনার মূলহোতাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।