প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
শুক্রবার (১৪ আগস্ট), রাত ৯টা ২৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নলদা-মৌভোগ ইউনিয়নের কামটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের ইমরান ওরফে নয়ন মোল্লা এবং তার ভাই কামরান ওরফে নিলয় মোল্লা।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, ইমরানের শয়নকক্ষ থেকে ২০০ ইয়াবা ও নগদ ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া কামরানের পরনের জিন্সের পকেট থেকে আরও ১০০ ইয়াবা উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল ও ৩৬ ইঞ্চি লম্বা এসএস পাইপ জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই ভাই দীর্ঘদিন ধরে ফকিরহাটসহ জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সরকারি কাজে বাধা এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।