নিউজ ডেস্ক
১৬ আগস্ট ২০২৬, রাত ৯টা ২১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফল আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ফল আমদানির এলসি মার্জিন নির্ধারণ করতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। রোববার (১৬ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
এতদিন বিলাসী পণ্য হিসেবে বিবেচিত হওয়ায় ফল আমদানির এলসি খোলার সময় শতভাগ মার্জিন সংরক্ষণ বাধ্যতামূলক ছিল। তবে জনস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক এ শর্ত প্রত্যাহার করেছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, শিশু, রোগী, প্রবীণ ও গর্ভবতী নারীদের দৈনন্দিন খাদ্যতালিকায় ফল একটি গুরুত্বপূর্ণ উপাদান। জনগণের পুষ্টি চাহিদা পূরণ ও বাজারে ফলের সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাতসংশ্লিষ্টরা মনে করেন, নতুন নির্দেশনার ফলে ফল আমদানিতে ব্যাংকিং সুবিধা বাড়বে এবং বাজারে প্রতিযোগিতা তৈরি হবে। আমদানি ও সরবরাহ বাড়লে বাজারে ফলের দামও কমতে পারে।