মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
সোমবার (১৭ আগস্ট), দুপুর ২টা ৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু ও অগ্নিদগ্ধ এক যুবকের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। রোববার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে গিয়ে তিনি রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের ঘোষণা দেন।
হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে রয়েছে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার থাউশাল পাড়ার ৩ বছর বয়সী শিশু সারা মণি এবং একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের অগ্নিদগ্ধ যুবক নিবারণ হাজং। ভারপ্রাপ্ত স্পিকার সেখানে উপস্থিত হয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানেন। এ সময় তিনি তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
জানা যায়, গত ১৪ আগস্ট নিজ ঘরে অগ্নিদগ্ধ হন নিবারণ হাজং। দুর্ঘটনার পর তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ আগস্ট তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে স্থানান্তর করা হয়। বর্তমানে শরীরের ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
অপরদিকে, আগুনে পুড়ে শরীরের সঙ্গে হাত জোড়া লেগে যাওয়া ৩ বছরের শিশু সারা মণির স্বাভাবিক জীবন ফেরাতে উন্নত চিকিৎসা চলছে। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার হাত স্বাভাবিক করার চেষ্টা করছেন।
ভারপ্রাপ্ত স্পিকারের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন দুর্গাপুরের সর্বস্তরের মানুষ। স্থানীয়রা জানান, অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে ব্যারিস্টার কায়সার কামাল মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।