নিউজ ডেস্ক | নিজস্ব প্রতিবেদক
সোমবার (১৭ আগস্ট) ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সচিবালয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে বিন্না ঘাসের উপযোগিতা ও এর প্রয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম। সভায় উপস্থিত নীতিনির্ধারকরা বাঁধ ও সড়ক রক্ষায় এই ঘাসের কার্যকারিতা নিয়ে একমত পোষণ করেন।
প্রকল্পে এই ঘাসের ব্যবহার পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটিতে প্রস্তাবক ড. মোহাম্মদ শরীফুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই ঘাসের ব্যবহার বিষয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিন্না ঘাস, যা ভেটিভার ঘাস নামেও পরিচিত, বিশ্বের বিভিন্ন দেশে বাঁধ ভাঙন মোকাবিলায় ব্যবহৃত হয়। এই ঘাসের লম্বা শিকড় দ্রুত মাটির গভীরে প্রবেশ করে মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। প্রচণ্ড ঠান্ডা, তীব্র গরম, লবণাক্ত পানি এমনকি দীর্ঘ সময় পানিতে ডুবে থাকলেও এই ঘাস টিকে থাকতে সক্ষম।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।