ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মঙ্গলবার (১৮ আগস্ট), সকাল ৯টা ১৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ‘খদরে’ খাবারে খাসির মাংস না থাকায় বিয়ে না করেই ফিরে গেছেন জুনায়েদ নামে এক জাপানপ্রবাসী বর। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে। বর জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতার জন্য কনের বাড়িতে পৌঁছালে বরকে ফুল দিয়ে বরণ করা হয়। এ নিয়ে বর অসন্তোষ প্রকাশ করেন এবং উপস্থিত লোকজনের সামনে বিরূপ মন্তব্য করেন। পরে গেট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে তাকে খাবার গ্রহণের জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।
একপর্যায়ে বিয়ের অংশ হিসেবে বরপক্ষের জন্য ঐতিহ্যবাহী ‘খদরে’ খাবার পরিবেশন করা হয়। খাবারে খাসির মাংস না থাকায় বর আপত্তি জানান। তিনি খাসি ছাড়া খাবার গ্রহণ করবেন না এবং বিয়েও করবেন না বলে সাফ জানিয়ে দেন।
কনের বাবা শফিক মিয়া বলেন, “আমাকে আগে জানানো হলে খদরে খাসির ব্যবস্থা করতাম। এ বিষয়ে আমাকে আগে কিছুই বলা হয়নি। এরপরও আত্মীয়-স্বজনসহ সবাই ছেলেকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি কোনোভাবেই রাজি হননি।”
স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ছেলেটির কথাবার্তা কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি খাসি ছাড়া বিয়ে করতে রাজি হননি।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কনেপক্ষের আত্মীয়-স্বজনসহ উপস্থিত অনেকে তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন এবং শেষ পর্যন্ত বিয়ে না করেই ফিরে যান।