আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
মঙ্গলবার (১৮ আগস্ট), দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নগর ভবনে আয়োজিত এই বৈঠকে রাজশাহীর দক্ষ জনশক্তিকে জাপানে কাজে লাগানো, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময়কালে রাজশাহীর আম প্রক্রিয়াজাতকরণ, হিমাগার স্থাপন, স্বাস্থ্যসেবা, জাপানি ভাষা শিক্ষা ইনস্টিটিউট স্থাপন এবং তথ্য ও প্রযুক্তি খাতে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রাজশাহী শহরের সঙ্গে জাপানের কোনো শহরের সিস্টার সিটি সম্পর্ক স্থাপনের বিষয়েও বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে জাপানের সঙ্গে কাজ করতে আগ্রহী রাজশাহী সিটি কর্পোরেশন।”
জাপানের প্রতিনিধি দলে ছিলেন জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর সেইজি ইশিমোতো এবং ওকায়ামা বিজনেস কলেজ ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের মো. জিয়াউল করিম। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ উপস্থিত ছিলেন।
বৈঠকে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।