নিউজ ডেস্ক
বুধবার (১৯ আগস্ট), ২০২৬ | সন্ধ্যা ৬টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান। একই সঙ্গে কমিশনার হিসেবে যোগ দিয়েছেন সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) সাবেক চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
গত ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়। আজ বুধবার তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান চলতি বছরের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। ১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁয় জন্মগ্রহণকারী এই বিচারপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করা আসাদুজ্জামান ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
নতুন কমিশনারদের পরিচিতি
দুদক কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান বিসিএস (প্রশাসন) ১৯৮৫ ব্যাচের সাবেক কর্মকর্তা। ১৯৬৩ সালে মানিকগঞ্জে জন্মগ্রহণকারী জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইনের খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কাজ করেছেন। যোগদানের আগে তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে আইনের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
অপর কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এবং এফআরসির চেয়ারম্যান ছিলেন। ১৯৬৩ সালে কুমিল্লায় জন্মগ্রহণকারী সাজ্জাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ও এবি ব্যাংকে কর্মজীবন শুরু করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স, ব্যাংকিং ও আইবিএতে শিক্ষকতা করেন।