নিজস্ব প্রতিনিধি
বুধবার (১৯ আগস্ট), রাত ৮টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে আয়োজিত এই সভায় তিনি নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, মির্জা ফখরুল বক্তব্যের শুরুতেই আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিএনপিতে যোগ দেওয়ার পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দীর্ঘ দায়িত্ব পালনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দায়িত্ব পালনকালে অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।
দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কোনো আপস করবেন না।
সভায় দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।