মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬), রাত ১০টা ৩২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে নেত্রকোণার দুর্গাপুর সাংবাদিক সমিতি। বৃহস্পতিবার সংগঠনটির দপ্তর সম্পাদক নূর আলম স্বাক্ষরিত এক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানায় দুর্গাপুর সাংবাদিক সমিতি। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও দেশপ্রেম রাষ্ট্রপতির মহান দায়িত্ব পালনে তাঁকে সহায়তা করবে। মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের সংবিধান, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিকের মৌলিক অধিকার আরও সুদৃঢ় ও সমুন্নত হবে—এটাই আমাদের প্রত্যাশা।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্যদের ভোটে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন বার্তায় সাংবাদিক সমিতি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে।