জহুরুল হক, দৌলতপুর (কুষ্টিয়া)
শুক্রবার (২১ আগস্ট ২০২৬), বিকেল ৩টা ৩৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাসর রাতে স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মধ্যেই বরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। প্রায় দুই মাস আগে আনাসের সঙ্গে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাইরা খাতুনের (১৮) বিয়ে সম্পন্ন হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নববধূকে বাড়িতে তুলে আনা হয় এবং শুক্রবার দুপুরে বৌভাতের আয়োজন করা হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বৌভাতের অনুষ্ঠান উপলক্ষে প্যান্ডেল ও অতিথিদের খাবারের স্থান তৈরির কাজ চলছিল। গভীর রাত পর্যন্ত আনাস নিজে উপস্থিত থেকে কাজের তদারকি করছিলেন। রাত ২টার দিকে একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন বলেন, স্ট্যান্ড ফ্যান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাসের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নববধূকে বাড়িতে আনা হয় এবং শুক্রবার বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এমন দুর্ঘটনায় বিয়ের বাড়ির সব আনন্দ বিষাদে পরিণত হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক এবং পুলিশ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।