নিজস্ব প্রতিবেদক
শুক্রবার (২১ আগস্ট), বিকেল ৪টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা তিনি এই শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী।
এদিকে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করাবেন এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি অনুষ্ঠানটি পরিচালনা করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। গত ২৪ জুলাই মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। ১৯৯১ সালের পর এই প্রথম একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতির নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হলো।