নিউজ ডেস্ক
শুক্রবার (২১ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হতে যাচ্ছেন। আজ শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের কথা রয়েছে। এর পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের রদবদল হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের পর নতুন সদস্যদের শপথ পড়ানো হবে। আজ দুজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ নেবেন।
মন্ত্রিসভায় যুক্ত হওয়ার বিষয়ে ড. আবদুল মঈন খানের ব্যক্তিগত সচিব (পিএস) বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন বলেন, “ড. আবদুল মঈন খান মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন।”
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। দলটির মহাসচিব আব্দুল মতিন সাউদ এ তথ্য নিশ্চিত করেন। গত ফেব্রুয়ারিতে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে পার্থের দল জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল।
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য পরিবহন অধিদপ্তর থেকে মন্ত্রিপরিষদ বিভাগে ছয়টি গাড়ি পাঠানো হয়েছে। পরিবহন কমিশনার কার্যালয়ের একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ চারজন শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৪ জনে। গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করলেও মন্ত্রিসভার সদস্য নন।