প্রতিনিধি
শুক্রবার (২১ আগস্ট ২০২৬), রাত ৯টা ৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো আফসা (১২), ওজাইফা (১০), রুবাইয়া (৮) এবং রিয়া মনি (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চার শিশু ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। দীর্ঘ সময় তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা দেখতে পান স্বজনরা। পরে পুকুরে নেমে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য দুই শিশুকে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্বজনদের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।