প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (২৭ আগস্ট), সন্ধ্যা ৬টা ২০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের মোল্লাহাটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ৫০টি হুইলচেয়ার ও ৫০টি পায়েচালিত ভ্যান বিতরণ করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জনকে হুইলচেয়ার এবং অসচ্ছল মানুষের কর্মসংস্থানের উদ্দেশ্যে ৫০ জনকে ভ্যান দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মোল্লাহাট কেআর কলেজ মাঠে এসব সহায়তা বিতরণ করা হয়।
গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী, প্রতিষ্ঠাতা পরিচালক মো. কামাল উদ্দীন ও মহাসচিব মো. আক্তারুজ্জামান।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মাওলানা মামুনুল হক বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের স্বাবলম্বী করার চেষ্টা করতে হবে। ভ্যান পাওয়া মানুষগুলো এটি ব্যবহার করে আয় করতে পারবেন এবং পরিবারের জন্য অবদান রাখতে পারবেন।
তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য একটি হুইলচেয়ার তাদের চলাচলের সুযোগ বাড়িয়ে দিতে পারে। এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বাড়াতে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বক্তারা ট্রাস্ট ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।