উপজেলা প্রতিনিধি / বাঘারপাড়া
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ২০২৬, সন্ধ্যা ৭টা ৫১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর সদর উপজেলার ইছালী গ্রামের কলেজশিক্ষক আবুল কালাম আজাদ বাড়ির আঙিনার মাত্র তিন শতক পতিত জমিতে ১২ ধরনের সবজি চাষ করে স্বনির্ভরতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষকতার ব্যস্ততার মাঝে অবসর সময়ে গড়ে তোলা এই সবজি বাগান এখন তার পরিবারের নিরাপদ খাদ্যের জোগান দিচ্ছে।
আবুল কালাম আজাদ খাজুরা শহীদ সিরাজ উদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের প্রভাষক। প্রায় পাঁচ মাস আগে বাড়ির আঙিনায় পড়ে থাকা তিন শতক জমিকে কাজে লাগানোর উদ্যোগ নেন তিনি। বর্তমানে সেখানে পেঁপে, করলা, ওল, গিমা কলমি, পুঁইশাক, ঘাটকলমি, কচু, তরমুজ, বেগুন, কুমড়া, শিম ও লাউসহ নানা ধরনের সবজি উৎপাদন হচ্ছে।
জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে মাচা ও বেড তৈরির মতো বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে একই জমিতে একাধিক সবজি চাষ করেছেন তিনি। পরিবারের চাহিদা মেটানোর পর অতিরিক্ত সবজি তিনি আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করেন।
আবুল কালাম আজাদ বলেন, “জায়গা কম হলেও পরিকল্পনা থাকলে সেখানে নানা ধরনের সবজি চাষ করা সম্ভব। এতে পরিবারের খরচ কমে, নিরাপদ ও বিষমুক্ত সবজি পাওয়া যায়। পাশাপাশি কৃষিকাজে সময় দেওয়ায় শরীর ও মনও ভালো থাকে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থী ও বেকার যুবকদের অনেকেই কাজের সুযোগ খুঁজছেন। তারা চাইলে বাড়ির আঙিনা কিংবা অল্প জায়গা ব্যবহার করেই সবজি চাষ শুরু করতে পারেন। এতে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও করা সম্ভব।”
ভবিষ্যতে বাগানটি সম্প্রসারণের পাশাপাশি সমন্বিত পদ্ধতিতে মাছ চাষের পরিকল্পনা রয়েছে তার। স্থানীয়রা জানান, একজন শিক্ষকের এমন উদ্যোগ অল্প জায়গায় নিরাপদ খাদ্য উৎপাদন ও পারিবারিক ব্যয় সাশ্রয়ের ক্ষেত্রে অন্যদের জন্য অনুকরণীয়।