নিউজ ডেস্ক
শুক্রবার (১৮ সেপ্টেম্বর), ২০২৬ | সকাল ১১টা ০৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের আসন্ন চারটি ম্যাচের জন্য ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার ক্যাভিন সলিভান। কোচ মৌরিসিও পচেত্তিনোর ঘোষিত এই দলে ১২ জন নতুন মুখের একজন হিসেবে জায়গা করে নিয়েছেন মেজর লিগ সকারের (এমএলএস) দল ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ তুর্কি।
ক্যাভিন সলিভানকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। ২০২৪ সালে এমএলএসের ইতিহাসে সবচেয়ে দামী স্থানীয় খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি। মাত্র ১৪ বছর বয়সে পেশাদার লিগে অভিষেক ঘটিয়ে তিনি আমেরিকা বা কানাডার কোনো প্রধান পেশাদার ক্রীড়া লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন। বয়স ১৮ পূর্ণ হলে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন।
চলতি মৌসুমে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দারুণ ছন্দে আছেন এই মিডফিল্ডার। নিয়মিত মৌসুমের ২৩ ম্যাচে ছয়টি গোল করার পাশাপাশি ১১টি গোলে সহায়তা করেছেন তিনি। তার বড় ভাই কুইন সলিভান গত বছর যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। এছাড়া তাদের অন্য দুই ভাই রোনান ও ডেক্লান সলিভান বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের এই নতুন স্কোয়াডে ক্যাভিনসহ ১৮ বা তার কম বয়সি খেলোয়াড় আছেন ছয় জন। ফলে দলটির গড় বয়স দাঁড়িয়েছে ২২ বছর ৯ মাস, যা গত বিশ্বকাপ স্কোয়াডের গড় বয়সের চেয়ে চার বছরেরও বেশি কম। সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে যুক্তরাষ্ট্র পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলবে।
তরুণ প্রতিভাদের দলে নেওয়া প্রসঙ্গে কোচ মৌরিসিও পচেত্তিনো বলেন, “অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি দারুণ সম্ভাবনাময় কিছু তরুণ প্রতিভাকে দলে নিতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমাদের দলের সংস্কৃতি এবং খেলার ধরন বোঝা তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “সবচেয়ে বড় কথা, আমাদের সমর্থকরা যেমনটা প্রত্যাশা করে, ঠিক সেভাবে দেশের প্রতিনিধিত্ব করার মতো দৃঢ় মানসিকতা ও নিবেদন তাদের দেখাতে হবে।”