নিউজ ডেস্ক
সোমবার (১৯ অক্টোবর) রাত ৭টা ৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ফাইনালে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ক্যারিবীয়রা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে। দলের হয়ে মঈন আলি ৩৯ বলে ৬০ রান করেন। এছাড়া ওয়াইজ শাহ ৩৮ এবং রবি বোপারা ১৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ডোয়াইন ব্রাভো ৪ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার লেন্ডন সিমন্স ও ক্রিস গেইল ৩২ বলে ৪২ রানের জুটি গড়েন। গেইল ১৪ বলে ২১ রান করে আউট হন। এরপর সিমন্স ও চাঁদউইক ওয়ালটন অবিচ্ছিন্ন ১২৩ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। সিমন্স ৫৩ বলে ৭৭ এবং ওয়ালটন ৩৫ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন।
উল্লেখ্য, ২০২৪ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতেছিল ভারত। পরের বছর দ্বিতীয় আসরে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা।