নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ২০২৬, সকাল ১০টা ২১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক তোপকাপি প্রাসাদের পবিত্র নিদর্শন সংরক্ষণাগারে পাঁচশ বছরেরও বেশি সময় ধরে বিরতিহীনভাবে চলছে পবিত্র কুরআন তেলাওয়াত। উসমানি সুলতান প্রথম সেলিমের শাসনামল থেকে শুরু হওয়া এই প্রথায় দিন-রাত পালাক্রমে হাফেজরা কুরআন তেলাওয়াত করেন, যেখানে এক মুহূর্তের জন্যও তেলাওয়াত বন্ধ হয় না।
তোপকাপি প্রাসাদের এই সংরক্ষণাগারে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু পবিত্র স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে। ১৫১৭ সালে মিসর বিজয়ের পর পবিত্র নিদর্শনগুলো ইস্তাম্বুলে আনা হয় এবং এরপর থেকেই সেখানে দিন-রাত কুরআন তেলাওয়াতের এ প্রথা চালু হয়।
বর্তমানে ২৮ জন হাফেজ পালাক্রমে এই তেলাওয়াতের দায়িত্ব পালন করেন। একজন হাফেজ প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত তেলাওয়াত করার পর অন্য একজন তাঁর স্থলাভিষিক্ত হন। এভাবে দিন-রাত বিরতিহীনভাবে তেলাওয়াতের ধারা অব্যাহত থাকে।
এই ধারাবাহিক তেলাওয়াতের মাধ্যমে প্রতিদিন একটি পূর্ণ কুরআন খতম করা হয়। সে হিসাবে প্রতি বছর প্রায় ৩৬৫টি খতম সম্পন্ন হয়। প্রায় পাঁচ শতাব্দী ধরে পবিত্র নিদর্শনগুলোর সান্নিধ্যে কুরআনের তেলাওয়াত অব্যাহত থাকার এ প্রথাকে উসমানি যুগ থেকে চলে আসা একটি অনন্য ধর্মীয় ঐতিহ্য হিসেবে গণ্য করা হয়।