মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পাবনা জেলার ৯টি উপজেলা ৩৬৪টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিবারের মতো এবারও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসমাগম নিয়ন্ত্রণে ১৬ ই অক্টোবর হতে ২১ শে অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৩৮২ জন সদস্যের। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে আনসার ব্যাটালিয়নের বিশেষ টিম।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে।এবারের দুর্গাপূজায় সদস্য মোতায়েনে যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রথমবারের মতো সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মোতায়েন করা হচ্ছে বাহিনীর সদস্যদের। প্রশিক্ষণপ্রাপ্ত ও AVMIS-এ নিবন্ধিত সদস্যরা বাহিনীর জব পোর্টালের মাধ্যমে আবেদন করে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন।
এবারই প্রথম দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্বে যুক্ত হচ্ছেন কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরাও। এর ফলে নিরাপত্তা কার্যক্রমে যুক্ত হচ্ছেন শিক্ষিত ও প্রশিক্ষিত তরুণরা। ডিজিটাল পদ্ধতিতে সদস্য মোতায়েনের ফলে দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দায়িত্ব পালনের সুযোগও নিশ্চিত হচ্ছে। একই সঙ্গে সিন্ডিকেট, গ্রুপ বাণিজ্য ও দালালচক্রের অনিয়মের সুযোগও বন্ধ হচ্ছে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে বাহিনীর কর্মকর্তারা ও ভাতাভোগী সদস্য-সদস্যারা প্রতিমা নির্মাণস্থল ও পূজামণ্ডপ পরিদর্শন করছেন। তাঁরা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করছেন এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিচ্ছেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা জেলা কমান্ড্যান্ট, মো: মাহবুবুর সরকার বিশ্বাস করেন, প্রশিক্ষিত ও দায়িত্বশীল সদস্যদের সক্রিয় অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্যাপিত হবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে বাহিনী সর্বাত্মকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।