জেলা প্রতিনিধি
রবিবার (১৮ অক্টোবর) ২০২৬, রাত ৯টা ১৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় ছোট বোনের বিয়ের দাওয়াত না দেওয়ার জেরে নাজিম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন লুদরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। এই বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে চাচাতো ভাই মাসুম মিয়ার পরিবারের সঙ্গে নাজিম উদ্দিনের মনোমালিন্য সৃষ্টি হয়। শনিবার সকালে বিয়ের দাওয়াত দিতে নাজিম উদ্দিন তার চাচাতো ভাই মাসুম মিয়ার বাড়িতে গেলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা মিলে নাজিম উদ্দিনের ওপর হামলা চালায়।
হামলায় নাজিম উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই সালেহ আহমদ অভিযোগ করেন, মাসুমকে বিয়ের দাওয়াত না দেওয়ায় তার নেতৃত্বে এই হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।