আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
সোমবার (২ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন সহায়তা প্রকল্পের আওতায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত ১২০ জনের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সরঞ্জাম বিতরণ করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রকল্পের আওতায় ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে বিজনেস কার্ট প্রদান করা হয়। মোট ১২০ জন উপকারভোগীর মধ্যে ১১৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। ইউএনডিপি, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা) ও রাসিকের যৌথ উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। আমরা সম্মিলিতভাবে বেকারত্ব দূরীকরণ ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “শুধু চাকরির আশায় বসে না থেকে বেকার তরুণ-তরুণীরা যাতে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। নগরীর দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও টেকসই জীবিকা নিশ্চিতকরণে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কার্যক্রম সম্প্রসারণে রাসিক সার্বিক সহযোগিতা করবে।”
প্রশিক্ষণ পরবর্তী সহায়তা
ইউএনডিপির তত্ত্বাবধানে এবং রাসিকের সহযোগিতায় বাস্তবায়িত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় গত এক বছরে ১২০ জনকে কম্পিউটার ও সেলাই বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের স্বকর্মসংস্থান নিশ্চিত করতে এসব সরঞ্জাম প্রদান করা হলো।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি বক্তব্য দেন। এছাড়া রাসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।