অভয়নগর (যশোর) প্রতিনিধি
মঙ্গলবার (১০ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শিক্ষক উপজেলার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
গ্রেপ্তার ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। গত ২৭ অক্টোবর ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত শিক্ষক ১৫ দিন আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করার পর মিরপুর থানা পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে হাজির করা হলে তিনি বিচারিক হাকিমের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঘটনার প্রেক্ষাপট
অভিযোগ অনুযায়ী, গত ২৬ অক্টোবর সকাল ১১টার দিকে ভুক্তভোগী শিশুটি বিদ্যালয়ে যায়। দুপুর ১২টা ৪৫ মিনিটে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে বিদ্যালয়ের শিক্ষকদের ব্যবহৃত শৌচাগারে নিয়ে ধর্ষণ করেন।
অভয়নগর থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বিচারকের কাছে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।