সংবাদদাতা
মঙ্গলবার (১০ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি দোকান ভাঙচুর করে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন এবং প্রায় ২ ঘণ্টা গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে যান চলাচল বন্ধ ছিল।
সকাল সাড়ে ৯টার দিকে গওহরডাঙ্গা চৌড়ঙ্গির মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হকের নেতৃত্বে লাঠি-সোটা নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। সেখানে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভের পর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মিছিলে যোগ দেন। মিছিলটি পাটগাতী বাজারে গিয়ে যুবদলের কার্যালয়ের সামনে থাকা ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করে।
পরবর্তীতে মিছিলটি পাটগাতী বাসস্ট্যান্ডে ফিরে এলে পুলিশ সদস্যরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আহতরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসকদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।