নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (১৯ নভেম্বর), ২০২৬ | দুপুর ১টা ৪৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে যশোরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সিভিল কোর্ট মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাড়িখানা রোডে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে তারা রাজপথে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করছেন বলে জানান।
যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী সমাবেশে বক্তব্য দেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিকসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।