জেলা প্রতিনিধি
শুক্রবার (২০ নভেম্বর) ২০২৬, বিকেল ৩টা ১৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ বলেন, “আমাকে এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তিন মাস আগেই আমি দায়িত্বশীলদের জানিয়েছিলাম যে, আমি এই দায়িত্ব পালনে অপারগ এবং পদত্যাগ করলাম। বিষয়টি এলাকার মানুষ না জানায় আমি গণমাধ্যমের মাধ্যমে তা জানালাম।”
নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমার ওপর কোনো চাপ বা ভয়ভীতি নেই। আমি নিজ থেকেই পদত্যাগ করলাম। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় বলে মনে করি। তাই নিজ সিদ্ধান্তে সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম।”
উল্লেখ্য যে, আবুল কালাম শেখ দীর্ঘদিন ধরে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তবে ব্যক্তিগত ও সাংগঠনিক জটিলতার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।