বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের ছয়টি উপজেলায় বজ্রপাতে একদিনে নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও তিনজন। বজ্রপাতের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বেশ কয়েকটি অঞ্চলকে শনাক্ত করেছেন আবহাওয়াবিদরা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রোববার বজ্রপাতে নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার, দুজন দোয়ারাবাজার ও একজন তাহিরপুর উপজেলার বাসিন্দা। বাকি তিন জনের মধ্যে দুজন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বাসিন্দা। অপরজন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা।
ওই ছয় উপজেলার পুলিশ হতাহতের এই খবর নিশ্চিত করেছেন।
রোববার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ওইসব এলাকায় আকাশে মেঘ করে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত শুরু হয়।
পুলিশ জানিয়েছে, হাওরে এখন বোরো ধান কাটার মৌসুম চলছে। এ কারণে বৃষ্টির আগেই ফসল তুলতে ধান কাটা ও মাড়াই শুরু করেছেন কৃষকরা। তারা মূলত নিজ নিজ হাওর এলাকায় ধান কাটার সময় কিংবা গরু চরাতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকালে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে নদী বন্দরগুলোয় দুই নম্বর সতর্ক সংকেত দেয়া ছিল। সাধারণত মেঘ অনেক উঁচুতে অবস্থান করলে এবং ঝোড়ো হাওয়া বয়ে গেলে এই সতর্ক সংকেত দেয়া হয়। এ সময় বজ্রপাতের ঝুঁকিও থাকে। বিবিসি