দিনাজপুরে পুকুরে ডুবে দুই ছেলেসহ মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শশরা ইউনিয়নের ভবাইনগর চুনিয়াপাড়ায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহতরা হলেন- ভবাইনগর চুনিয়াপাড়ার উজ্জ্বল দেবনাথের স্ত্রী অষ্টমী বালা ও তাদের দুই ছেলে গৌতম দেবনাথ (৭) এবং প্রীতম দেবনাথ (৩)।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের পর কোনো একসময় দুই সন্তানকে নিয়ে পুকুরে গোসল করতে যান মা অষ্টমী বালা। পরে বিকেল সাড়ে ৫টায় বাড়ির পাশের পুকুরে মা ও দুই সন্তানের মরদেহ ভাসতে দেখেন তারা। এরপর মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তারপরও যদি কারো কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।