নৌকা মার্কায় ভোট চাওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ থানার ওসি শ্যামল চন্দ্র ধরকে বদলি করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরকে বদলি করা হয়েছে। তাকে জামালপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এরপর তাকে অন্যত্র বদলি করা হবে। ওসিকে প্রত্যাহারের কারণ জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রীয় কারণেই তাকে বদলি করা হয়েছে। অন্য কোনো কারণ নেই।
জানা গেছে, গত ১৫ আগস্ট দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভার আয়োজনে দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু।
সভায় ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে আওয়ামী লীগকে ‘পুলিশের দল’ হিসেবে ঘোষণা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ‘বিপুল ভোটে’ বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া দেওয়ানগঞ্জ পৌর মেয়রকে ‘সুযোগ্য’ এবং স্থানীয় সংসদ সদস্যকে ‘নয়নের মণি’ বিশেষণে অভিহিত করেন তিনি।
এ সময় ওসি শ্যামল চন্দ্র ধর বলেন, ১৫ আগস্ট শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাকে সপরিবারে হত্যার এইদিনে ঘৃণিত খুনিদের শাস্তি হোক। সব খুনিরা কিন্তু শাস্তি পায়নি। সবাইকে ফাঁসি দিয়ে ঝুলাতে পারিনি, শুধু কুচক্রী মহলের জন্য, আমরা চেয়েছিলাম। জাতির জনকের জন্য আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। যার জন্য আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ মানেই শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ মানেই জাতির জনকের দেশ। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
তিনি বলেন, সামনে নির্বাচন আসছে। আমরা দলের জন্য কাজ করি, যেন আমরা পুনরায় আওয়ামী লীগ সরকারকে বিপুল ভোটে জয়ী করতে পারি।
ওসির এ বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে ব্যপক সমালোচনা ফলে তাকে সরিয়ে নেয়া হয়েছে। ইনকিলাব