বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ার-নারিকেলবাড়িয়া সড়কের ওয়ালটন শো-রুমের সামনে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিনই এখানে ছোট-বড় দূর্ঘটনা ঘটে চলেছে। আহত হয়েছেন অনেকে।সামান্য বৃষ্টি হলেই সড়কের গর্তে পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন পরিবহন চালকেরা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সরেজমিন দেখা গেছে, এই সড়ক দিয়ে বাঘারপাড়া মহিলা কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি চাকরীজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের যাতায়াত। এছাড়াও সাপ্তাহিক হাটবারে (সোমবার ও শুক্রবার) প্রত্যন্ত এলাকার কৃষিপণ্য আনা নেওয়ার কাজেও এ রাস্তা ব্যবহার করেন। কিন্তু সড়কের মাঝখানে প্রায় দুই হাত গর্ত সৃষ্টি হওয়ায় ছোট বড় যানবাহন উল্টে যাচ্ছে। ঘটছে হতাহতের ঘটনাও। একেবারে বলা চলে বেহাল দশায় পরিণত হয়েছে সড়কের ওই অংশটুকু। ফলে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে
বৃষ্টি হলে গর্তের গভীরতা বুঝতে পারেন না চালকরা। তখনই ঘটছে দুর্ঘটনা।
বাঘারপাড়া ডিগ্রী কলেজের কয়েকজন শিক্ষার্থী তাদের এইসএসসির ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য ইজিবাইকে করে নারিকেলবাড়িয়া কেন্দ্রে যাচ্ছিলেন। এসময় গাড়িটি উল্টে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন চালক ইকবাল, জাহিদ মোহাসিনসহ কয়েকজন জানান, বাঘারপাড়ার-নারিকেলবাড়িয়া সড়কের ওয়ালটন শো-রুমের সামনে গর্তের কারনে গাড়ি নষ্ট হয়ে যায়। বৃষ্টিতে পানি বেধে থাকায় অনেক গাড়ি উল্টে পড়ে। প্রায়ই গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে। দ্রুত সংস্কার হলে আমরা উপকৃত হবো।
উপজেলা এলজিইডি প্রকৌশলী আবু সুফিয়ান জানান, এ ৫০০মিটার সড়কের টেন্ডার হয়ে গেছে। আগামী মাসের মধ্যে কাজ শুরু করা হবে। এছাড়া আমাদের উধ্বতন কর্তৃপক্ষকে ছবি তুলে জানিয়েছি । পথচারিদের সাময়িক ভোগান্তি দুর করতে ইটের ছোট খোয়া ফেলে চলাচলের উপযোগি করা হবে।