খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ইটবাহী ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এ ঘটনায় গুরুতর আহত আরো দুইজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫), অজ্ঞাত নারী (২৬) ও শিশু অন্বী বিশ্বাস (২)। শিশু অন্বীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর জখম অবস্থায় প্রেরণ করলে বিকেলে সে মারা যায়।
এর আগে, ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পর দুইজন মারা গেছে বলে জানা গেছে।