ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। এসময় তার কাছ থেকে ডলার ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আটক পি.ভি. জন সিলভারাজ ভারতের তামিলনাড়ু রাজ্য পুলিশের সদস্য। তার সঙ্গে পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে। এছাড়া তামিলনাড়ু রাজ্য পুলিশও তার পরিচয় নিশ্চিত করেছে।
আটকের দেওয়া তথ্যমতে, তার বাড়ি ভারতের তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলার ইকুডু থানার আনগুনগর গ্রামে।
সিলভারাজের ভারতীয় নাগরিক পরিচয়পত্র অনুযায়ী তিনি তামিলনাড়ু পুলিশের একজন সদস্য।
৫৮-বিজিবি অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরী বলেন, আটক ব্যক্তি তাদের কাছে জানিয়েছেন তিনি থাইল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবশ করেছেন। তার সঙ্গে তামিলনাড়ু পুলিশের একজন সদস্য মর্মে পরিচয়পত্র এবং মোবাইল ফোনে দায়িত্ব পালনকালীন দৃশ্য পাওয়া গেছে।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, মহেশপুর থানায় মুদ্রা পাচারসহ অবৈধ অনুপ্রেবেশের অভিযোগে মামলা দায়ের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে।