সাভার সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে চালক ও মালিককে জিম্মি করে ট্রাকের ৩০টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে নবীনগর–চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় সংঘটিত এই ঘটনার তথ্য রবিবার রাতে নিশ্চিত করেছে আশুলিয়া থানা।
পুলিশ জানায়, বগুড়া থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়া ট্রাকটি রাত ২টার দিকে ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস এর পথরোধ করে। মুহূর্তেই ডাকাতরা অস্ত্র দেখিয়ে চালক ও গরুর মালিককে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা থানা পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। ভোরে ময়মনসিংহ এলাকায় ডাকাতদের ফেলে যাওয়া ট্রাকটি এবং পাঁচটি গরু উদ্ধার করা হয়। তবে এখনো বাকি ২৫টি গরু ও মূল ডাকাতচক্রের সদস্যদের চিহ্নিত করা যায়নি।
আশুলিয়া থানার ওসি আব্দুল হাননান বলেন, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান শুরু করা হয়েছে। ট্রাক ও পাঁচটি গরু উদ্ধার হয়েছে। বাকি গরু ও ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে বলে তিনি জানান।