মেহেরপুর সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মেহেরপুরের মুজিবনগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ নাহিদ হাসান রাজু নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। বুধবার ভোররাতে মোনাখালি ইউনিয়নের রশিকপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক রাজু মোনাখালী ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি এবং মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী রাতেই বাড়ির আশপাশে অবস্থান নেয়। এ সময় রাজুর চলাচল সন্দেহজনক মনে হলে ভোর তিনটার দিকে বাড়িটি ঘিরে ফেলে বাহিনী। পরে তার শয়নকক্ষের বিছানার নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু অস্ত্রটির মালিকানা স্বীকার করেছে। অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আটক ব্যক্তির বিরুদ্ধে সংগৃহীত তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে এবং অস্ত্রের উৎস শনাক্তে গুরুত্ব সহকারে তদন্ত চলছে।