ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটগ্রহণ চলাকালীন দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সরাইল নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে এই ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ৪৮ বছর বয়সী এই নির্বাচন কর্মকর্তা হৃদরোগে আক্রান্ত হয়ে বা স্ট্রোক করে মারা গেছেন।
উপজেলা প্রশাসন ও কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুজাহিদুল ইসলাম সকাল থেকেই ৫১ নম্বর কেন্দ্রে পোলিং অফিসার হিসেবে ব্যস্ত সময় পার করছিলেন। ভোটগ্রহণ চলাকালে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং এক পর্যায়ে লুটিয়ে পড়েন।
তৎক্ষণাৎ সহকর্মী ও উপস্থিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর বাড়ি সরাইলের হালুয়াপাড়া গ্রামে।
হঠাৎ এই মৃত্যুর ঘটনায় ওই ভোটকেন্দ্রে অন্য কর্মকর্তা ও উপস্থিত ভোটারদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, ওই কেন্দ্রে পোলিং অফিসারের শূন্যতা পূরণ করে ভোটগ্রহণ প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে।