শেরপুর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সিল মারা ব্যালটগুলো ব্যালট বাক্সে ফেলার আগেই জব্দ করা হয়েছে এবং বর্তমানে কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক জানান, জব্দ করা ব্যালটগুলোর কিছুতে ধানের শীষ প্রতীকে সিল মারা ছিল। তিনি বলেন, “সিল মারা ব্যালট পেপারগুলো ব্যালট বাক্সে ফেলার আগেই জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভোট গ্রহণ পুনরায় শুরু হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট পেপারে সিল মারেন। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তার নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করে দুজনকে আটক করা হয়।
তিনি জানান, উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলো বাতিল ঘোষণা করা হবে। ঘটনার পর কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। “কে করলো এসব? দয়া করে কেউ যেন এমন কাজ না করে। সুষ্ঠু নির্বাচন হলে আমিই বিজয়ী হবো ইনশাআল্লাহ,” বলেন তিনি।