মানিকগঞ্জ-১ আসনের শিবালয় উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে বাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহত বাবু মিয়া ওই এলাকার বাসিন্দা এবং হামেদ আলীর ছেলে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ওই এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাবু মিয়া নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য নিকটবর্তী ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হন।
ভোটকেন্দ্রের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভোটকেন্দ্রে উপস্থিত সাধারণ ভোটার ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান জানান, বাবু মিয়া কিছুক্ষণ আগেই ভোট দিতে কেন্দ্রে যাচ্ছিলেন। চোখের সামনে এমন মৃত্যু স্থানীয় মানুষের মনে গভীর বিষাদের ছায়া ফেলেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন বলেন, ভোটকেন্দ্রে যাওয়ার পথে বাবু মিয়া স্ট্রোক করেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ঘটনাটিকে অকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেন।