ফকিরহাট সংবাদদাতা ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তাসহ ছয়জন নারী রয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার ফলে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে এবং মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘বিএম লাইন পরিবহন’ খুলনার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী ‘রূপসী বাস’ নিয়ন্ত্রণ হারিয়ে বিএম লাইন পরিবহনের সামনে ধাক্কা দেয়।
খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. বজলুর রহমান জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের বেশিরভাগই ছিলেন মাদারীপুরগামী রূপসী বাসের যাত্রী।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, যান্ত্রিক ত্রুটির কারণে রূপসী বাসটির ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত বাস দুটি সরিয়ে নেয় এবং প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক বাস দুটি জব্দ করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।