সরিষাবাড়ী সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক নারীকে নিজের স্ত্রী দাবি করে দুই যুবকের মধ্যকার বিবাদকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার এলাকায় এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জনতা সংশ্লিষ্ট নারী ও দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং আইনি নথিপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার মূলে রয়েছেন শারমিন আক্তার নামে এক নারী, যাঁকে তাঁর প্রথম স্বামী আতিকুল হাসান রাসেল এবং স্থানীয় ক্লিনিক মালিক লিয়াকত শিকদার—উভয়েই নিজের বর্তমান স্ত্রী হিসেবে দাবি করছেন।
ব্যবসায়ী রাসেলের অভিযোগ, তিনি তাঁর স্ত্রীকে শিক্ষিত করে প্যাথলজিস্ট হিসেবে গড়ে তোলার পর শারমিন লিয়াকত শিকদারের ক্লিনিকে চাকরি নেন এবং পরকীয়ায় জড়িয়ে পড়েন। রাসেল বলেন, “মাঝখানে ফিরে আসলেও লিয়াকত পুনরায় চাকরির প্রলোভন দেখিয়ে তাঁকে ভাগিয়ে নিয়েছে।”
অন্যদিকে, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ও হাসপাতাল মালিক লিয়াকত শিকদার দাবি করেন, শারমিন তাঁর প্রথম স্বামীকে নিয়ম মেনেই তালাক দিয়েছেন। গত আড়াই মাস ধরে তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে ঘর ভাড়া নিয়ে বসবাস করছেন বলেও তিনি দাবি জানান।
দুপুরের দিকে এই তিনজনের মধ্যে বাগবিতণ্ডা চরম পর্যায়ে পৌঁছালে স্থানীয় বাজারে ভিড় জমে যায়। পরিস্থিতি বেগতিক দেখে এলাকাবাসী তাঁদের আটক করে থানায় খবর দেন। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত লিয়াকত শিকদার এর আগেও নারী সংক্রান্ত নানা বিতর্কে জড়িয়েছিলেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, “একই নারীকে দুই ব্যক্তি স্ত্রী দাবি করায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আমরা বর্তমানে তাঁদের থানা হেফাজতে রেখেছি।” তিনি আরও জানান, দুই পক্ষের নিকাহনামা ও তালাকনামার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে। আইনিভাবে যিনি বৈধ স্বামী প্রমাণিত হবেন, তাঁর কাছেই ওই নারীকে সোপর্দ করা হবে।