ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুর অংশে দুই বাসের সংঘর্ষে একটি বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নাওডোবা গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহতরা হলেন স্টার এক্সপ্রেস বাসের হেলপার আকাশ সরদার (৩১) এবং ওই বাসেরই সুপারভাইজার মো. ইউনুস মোল্লা (৪০)। আকাশ গোপালগঞ্জ সদর উপজেলার এবং ইউনুস মুকসুদপুর উপজেলার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসা খান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাওডোবা এলাকায় যাত্রী নামানোর জন্য থামলে পেছন থেকে আসা স্টার এক্সপ্রেসের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। পুলিশ জানিয়েছে, স্টার এক্সপ্রেসের বাসটি সে সময় বেপরোয়া গতিতে ছিল।
সংঘর্ষের ফলে স্টার এক্সপ্রেসের হেলপার আকাশ সরদার ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুপারভাইজারসহ ১১ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুপারভাইজার ইউনুস মোল্লার।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসাইন জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাস দুটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, “আহতদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হয়েছিল, তবে দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এক্সপ্রেসওয়েতে প্রায়ই বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।