শরীয়তপুর সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় চাচাতো ভাইয়ের আত্মহত্যার ২৪ ঘণ্টার মধ্যেই তার ভাবি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, গোপন সম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তির জেরে এই দুই মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মধ্য মহিষার এলাকায় এলিনা আক্তার নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী।
এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মোহাম্মদপুর এলাকায় ইফতারের পর নিজ কর্মস্থলের পাশের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক। তিনি ফয়সাল মল্লিকের চাচাতো ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিল্টন মল্লিকের সঙ্গে এলিনা আক্তারের সম্পর্ক নিয়ে কয়েক মাস আগে এলাকায় আলোচনা শুরু হয়। প্রায় তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা নিয়ে পারিবারিক অশান্তি চলছিল।
মিল্টনের মরদেহ এলাকায় নেওয়ার পর পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, মিল্টন সাত মাস আগে লিবিয়া থেকে দেশে ফিরে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করছিলেন। তার আত্মহত্যার খবর পাওয়ার পরদিনই এলিনার মৃত্যুর সংবাদ এলাকায় শোক ও বিস্ময়ের সৃষ্টি করেছে।
তাদের নিকটাত্মীয় আব্দুল খালেক মাদবর জানান, দুজনের সম্পর্ক নিয়ে পরিবার আগে থেকেই অবগত ছিল এবং বিষয়টি নিয়ে অশান্তি চলছিল।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, আত্মহত্যার ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে মধ্য মহিষার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।