অভয়নগর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগর উপজেলায় একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে লাগা এই আগুনে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মিল কর্তৃপক্ষের দাবি, এতে প্রায় কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।
উপজেলার প্রেমবাগ ইউনিয়নের উড়োতলা এলাকায় অবস্থিত ‘রোমান জুট মিলস লিমিটেড’-এ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। মিলের ইলেকট্রিক বিভাগের ইনচার্জ সোহেল রানা জানান, পাটের গুদামের পেছনের অংশে প্রথম আগুন দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই তা পুরো মিলের ভেতরে ছড়িয়ে পড়ে। শুরুতে কর্মরত শ্রমিক ও কর্মকর্তারা আগুন নেভানোর চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন অগ্নিনির্বাপক কর্মীরা। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাদের মনে হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়।
মিলের জেনারেল ম্যানেজার মিরাজুল ইসলাম জানান, আগুনের তীব্রতায় মিলের ভেতরে থাকা পাটের মজুদ ও যন্ত্রপাতির ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, “সঠিকভাবে নিরূপণ করা না গেলেও আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে।”
বর্তমানে মিল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফায়ার সার্ভিস এবং মিল কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত তালিকা তৈরির কাজ শুরু করেছে।