কাঁঠালিয়া সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে ধরা পড়েছে আনুমানিক ২৫ মন ওজনের একটি খটক মাছ, যা স্থানীয়ভাবে করাতি হাঙর নামে পরিচিত। পরে মাছটি নিলামে বিক্রি হয়েছে আড়াই লাখ টাকায়।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে জেলেরা বঙ্গোপসাগর থেকে মাছটি ধরে এনে আমুয়া মৎস্য বন্দর এ নিলামে তোলে। সেখানে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুল হাই।
স্থানীয় উন্নয়নকর্মী এইচএম বাদল জানান, কাঁঠালিয়া উপজেলা বঙ্গোপসাগর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক জেলে নিয়মিত সাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার ভোরে জেলেদের একটি দল সাগর থেকে বিশাল আকৃতির এই মাছটি নিয়ে আসে।
তিনি জানান, মাছটির ওজন আনুমানিক ২৫ মন। নিলামে আড়াই লাখ টাকায় বিক্রি হওয়ার পর ব্যবসায়ী আব্দুল হাই মাছটি বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিনচালিত ভ্যানে করে পারেরহাট মৎস্য বন্দর এ নিয়ে যান।
স্থানীয়দের মতে, অনেকদিন পর এত বড় মাছ জেলেদের জালে ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। মাছটি আনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল দেখা দেয় এবং অনেক মানুষ মাছটি দেখতে ভিড় করেন।