প্রিন্স মন্ডল অলিফ, স্টাফ রিপোর্টার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাট পৌর এলাকার তিনটি গুরুত্বপূর্ণ অবকাঠামো- বাস টার্মিনাল, নতুন মার্কেট ও পৌর পার্ক উন্নয়নকে সামনে রেখে কোস্টাল সিটি ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রকল্পের উদ্যোগে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার প্রশাসক ডা. ফখরুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আক্রাম হোসেন তালিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার শামীম হাসান।
সংলাপে স্থানীয় নাগরিক, ব্যবসায়ী, পৌরসভার কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। আলোচনায় বক্তারা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের চাহিদা ও মতামতের গুরুত্ব তুলে ধরেন এবং সময়োপযোগী বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
বিশেষ করে আধুনিক সুবিধাসম্পন্ন অবকাঠামো নির্মাণ, যানজট কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রয়োজন অনুযায়ী জমি সংযোজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাগেরহাট পৌরসভা ভবিষ্যতে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে উঠবে।