মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার আধুনগর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নাসিবুর রহমান নাছির (৪৮) নিহত হয়েছেন এবং অপর মোটরসাইকেল আরোহী আতিকুর রহমান (৪২) গুরুতর আহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আধুনগর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছির ফরিদপুর সদর এলাকার মোঃ শফি উদ্দিনের পুত্র। তিনি পেশায় একজন ব্যবসায়ী হওয়ার পাশাপাশি সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন। অপরদিকে গুরুতর আহত আতিকুর রহমান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা এবং দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের অধীন পদুয়া ফরেস্ট চেক স্টেশনে ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী একটি গ্যাসভর্তি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী দুইটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আরোহীই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নাছির মারা যান এবং গুরুতর আহত অবস্থায় আতিকুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।
স্থানীয় নোহা চালক ওসমান জানান, নিহত নাছিরকে তিনি দীর্ঘদিন ধরে চিনতেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, নাছির তখন আর বেঁচে নেই। তিনি বলেন, “নাছির একজন ভালো মানুষ ছিলেন, সাংবাদিকতার পাশাপাশি ব্যবসাও করতেন।”
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিমলি দে জানান, হাসপাতালে আনার আগেই নাছিরের মৃত্যু হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস এবং দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।