কুমিল্লা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) রাত প্রায় ৩টার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটির উপরে থাকা ১৩ জন যাত্রী নিচে চাপা পড়ে গুরুতর হতাহত হন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং ছয়জন আহত হন।
নিহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ (৫৫)। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলায় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল আমিন বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালানো হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই ট্রাকটি খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।