জামালপুর সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নে বিয়ের দাবিতে এক নারী অনশন শুরু করেছেন। সোমবার (১৩ এপ্রিল) বিকেল থেকে বাঁশদাইড় এলাকায় কাজল নামে এক যুবকের বাড়িতে অবস্থান নিয়ে এই অনশন করছেন তিনি।
অনশনকারী চম্পা (৪১) পটুয়াখালী জেলার রানাগাছা এলাকার বাসিন্দা। তিনি দাবি করছেন, চার বছর ধরে কাজল (২২) নামের ওই যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তাকে বিয়ের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে বর্তমানে কাজল ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
চম্পা জানান, আগে তার বিয়ে হয়েছিল মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আবু তালেবের সঙ্গে। পরে কাজলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার পর তার বিবাহবিচ্ছেদ ঘটে। তার পাঁচ সন্তান রয়েছে, যারা তাদের বাবার কাছে থাকে।
তার অভিযোগ, দীর্ঘদিন মোবাইল ফোনে সম্পর্কের পর কাজল তাকে ‘কবুল’ বলে বিয়ের প্রতিশ্রুতি দেন, যদিও আনুষ্ঠানিক কাবিন হয়নি। তিনি বলেন, কাজল তাকে সংসার করার আশ্বাস দিয়েছিলেন এবং সম্প্রতি ৯ এপ্রিল ফোন করে আবার আসতে বলেন। কিন্তু সেখানে এসে তিনি দেখেন, কাজল অনুপস্থিত।
চম্পা বলেন, “আমি বিয়ে না করে এখান থেকে যাব না। আমি তার সঙ্গে সংসার করতে চাই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সুজন পারভেজ বলেন, ওই নারী এলাকায় এসেছেন এবং বিষয়টি সত্য। তিনি বলেন, “দোষ ছেলেরও থাকতে পারে, না হলে মেয়েটি এত দূর থেকে আসতো না। আমরা উভয় পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”
এদিকে মাদারগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন, তিনি আগে বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না এবং গণমাধ্যমের মাধ্যমেই বিষয়টি জানতে পেরেছেন।