নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের চালিতাঘাটা বাজারের চাঁদনী সেটের ডিসিআর বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বুধবার (২৪ জুন) বিকাল সাড়ে ৫টায় চালিতাঘাটা বাজারের চাঁদনী সেটের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি এম লিয়াকত আলী,ভূরুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল হক, সেচ্ছাসেবী দলের জেলা কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী রেজাউল ইসলাম, চালিতাঘাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক মহসিন রেজা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ আজু, প্রভাতী সংঘ্যের সভাপতি আব্দুল আজিম বকুল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাগর, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম মিথুসহ ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, চালিতাঘাটা বাজারের চাঁদনী সেটটি ডিসিআর দেওয়ার পর থেকে সাধারণ ব্যবসায়ী ও বাজারে আগত ক্রেতাদের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। অতিরিক্ত টাকা আদায়, অনিয়ম এবং বাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার কারণে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে ডিসিআর বাতিল করে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, বাজারের এই সেটটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে ব্যবসা পরিচালনা করছেন। গুটিকয়েক ব্যক্তির সুবিধার্থে এই ডিসিআর প্রদান করা হয়েছে। এই সেটটির উন্নয়নে ইউনিয়ন পরিষদ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এমতাবস্থায় হঠাৎ এই সেটটি ডিসিআর দেওয়াতে ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই ডিসিআর বাতিলের দাবী জানিয়েছে তারা। জনস্বার্থ বিরোধী এই ডিসিআর বাতিলের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের ও শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র সদয় দৃষ্টি আকর্ষণ করেন। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
ডিসিআর নেওয়া মহিব্বুল্লাহর কাছে এবিষয়ে জানতে একাধিকবার মোবাইলে কল দিলেও যোগাযোগ করা যায়নি।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি অফিসের তৎকালীন নায়েব রেজাউল ইসলাম বলেন, আমি কোনো তোহা বাজার ডিসিআর দেইনি, দেয়ার আইনগত সুযোগ নেই। জেলা প্রশাসক অনুমোদিত চান্দিনা ভিটা ডিসিআর দেয়ার যোগ্য। গ্রহীতা অন্য জায়গায় সাইনবোর্ড সাটিয়ে দিলে সেটা হবে বে-আইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।